বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই গুরুত্বহীন মনে করলেও কিলিয়ান এমবাপ্পের জন্য ম্যাচটি হতে পারে ব্যক্তিগত অর্জনের বড় মঞ্চ। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা এই ফরাসি তারকা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন কি না, তা নিয়ে মুখ খুলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
শনিবার (১৮ জুলাই) রাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারে। তবে দেশম জানিয়েছেন, এমবাপ্পে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। ফ্রান্স শিরোপার লড়াই থেকে ছিটকে গেলেও ব্যক্তিগত সাফল্যের সুযোগ এখনো রয়েছে তার সামনে। বর্তমানে তার গোলসংখ্যা ৮, যা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সমান। তবে একটি অতিরিক্ত অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন মেসি।
ফিফার নিয়ম অনুযায়ী, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও গোল্ডেন বুটের হিসাবের মধ্যে যোগ হয়। ফলে ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পে গোল করতে পারলে পুরস্কারটির লড়াইয়ে নতুন মোড় আসতে পারে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘কিছু খেলোয়াড় খেলবে, আবার ব্যক্তিগত কারণে কেউ কেউ নাও খেলতে পারে। তবে একজন প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব হলো আগামী ম্যাচে সেরা ফল পাওয়ার জন্য যা যা প্রয়োজন, তা করা। আমরা সেটাই করার চেষ্টা করব।’
দলের সম্ভাব্য পরিবর্তন নিয়ে তিনি আরও বলেন, ‘আমার কাছে কিছু বিকল্প পরিকল্পনা রয়েছে। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলোচনার বিষয়গুলো প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলতে পারি, আমি দলে কিছু পরিবর্তন আনব।’
তাই একাদশে পরিবর্তনের ইঙ্গিত থাকলেও দেশমের বক্তব্যে স্পষ্ট, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছেন এমবাপ্পে। আর তিনি যদি গোল করতে না পারেন, কিংবা মাঠেই না নামেন, তাহলে গোল্ডেন বুট জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে থাকবেন লিওনেল মেসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









