সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেওয়ার কারণেই দেশে শিল্প খাতে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে টেক্সটাইল খাতের ব্যবসায়ীদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-এর সভাপতি শওকত আজিজ রাসেল।
শওকত আজিজ রাসেল বলেন, টেক্সটাইল খাতের চলমান সংকট সমাধানে সরকারের আন্তরিকতা দেখে উদ্যোক্তারা আশাবাদী হয়েছেন। শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর সমস্যা ও প্রয়োজনীয় সহায়তার পরিমাণ নির্ধারণ করতে উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে।
বিটিএমএ সভাপতি বলেন, বর্তমান সরকার টেক্সটাইল খাতের বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে, তা গত ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।”
শিল্প মালিকদের আশা, সরকারের দ্রুত পদক্ষেপের মাধ্যমে গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে উৎপাদন স্বাভাবিক করা সম্ভব হবে। এতে দেশের রপ্তানিমুখী টেক্সটাইল ও তৈরি পোশাক খাত আবারও গতি ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









