চট্টগ্রামের হাটহাজারীতে এস এম শহিদুল্লাহ রনি (৪৫) নামের রাউজানের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১১:৩০ টার দিকে উপজেলার চট্টগ্রাম- রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের মেখল ইউনিয়নের চারা বটতল এলাকায় বাড়ি যাওয়ার পথে গাড়ির গতিরোধ করে প্রথমে ইট নিক্ষেপ ও পরে ৩ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। রনি গাড়ি ড্রাইভ করায় ভাগ্যক্রমে বেঁচে যান।
জানা যায়, রনি রাউজান পৌরসভার ৯ নং ওর্যাড চারা বটতল ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা।
ব্যবসায়ী ও সাংবাদিক রনি বলেন, ‘‘আমি একা গাড়ি চালিয়ে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে দুটো লোক মোটরসাইকেল নিয়ে গাড়ির সামনে এসে প্রথমে ইট নিক্ষেপ করে। সাথে সাথে আমি গাড়ি ব্রেক করি এবং গাড়ির লাইট অফ করে দিই। তখন ওরা নিচে নেমে গুলি করে চলে যায়। তবে কারা করেছে তা নিশ্চিত নয়।’’
তিনি বলেন, ‘‘আমার সাথে অনেকের ঝামেলা আছে। পূর্বেও একবার রাউজানে ব্রিক ফিল্টে গোলাগুলির সম্মুখীন হয়েছিলাম।’’
ব্যবসায়ী রণি বিজয় টিভির সাবেক ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক প্রিয় সময় নামের একটি পত্রিকার সম্পাদক বলে জানান।
এছাড়াও তিনি চট্টগ্রাম নগরে দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসার সাথে জড়িত এবং রাউজানে ব্রিক ফিল্ড রয়েছে তার।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো: তারেক আজিজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা জানতে পেরেছি উনি রাউজানের বাসিন্দা এবং ব্যবসায়ী। রাউজানের বিভিন্ন ব্যক্তি ও গ্রুপের সাথে উনার দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্ব থেকে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









