দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৮৫৬ জন, আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।
এ সময়ে সারা দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। পাশাপাশি হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭২৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









