মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশালের বানারীপাড়ার সামাজিক ও সচেতন নাগরিকবৃন্দ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও ভূমি অফিসের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানে উপজেলার বাইশারী ইউনিয়নের ‘কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদ’ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বাইশারী ইউনিয়নের সুশীল সমাজ, তরুণ প্রজন্ম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
কেবিইউ সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মাওলানা মো. আবু সাইদ এবং সদস্য সচিব সাইদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘মাদকের অভিশাপ আজ সমাজ ও পরিবারের শান্তি বিনষ্ট করছে। তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের স্বার্থে মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কোনো বিকল্প নেই।’’
সম্প্রতি এলাকাটির চিহ্নিত মাদক কারবারি সোলাইমান গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করে বক্তারা উল্লেখ করেন, শুধু দু-একজনকে আটকে রেখে এ বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব নয়। পুরো সরবরাহ শিকল ভাঙতে হবে। বানারীপাড়ার প্রতিটি এলাকার মাদকের গডফাদার ও খুচরা কারবারিদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানান তারা।
মাদকের অনুপ্রবেশ বন্ধে দেশের সীমান্ত ও ভেতরের সরবরাহ রুটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া প্রতিনিধিরা।
তারা স্পষ্ট জানিয়ে দেন, মাদক কারবারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সবাইকে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।
মাদকমুক্ত সমাজ গড়ার এই লড়াইয়ে কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং প্রতিটি পরিবার ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









