সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে এই কোর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
সেনাপ্রধান কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এ কোরের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সম্মেলনে কোরের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, গবেষণা, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। দায়িত্ব পালনে কোরের প্রতিটি সদস্যকে আরও দক্ষ ও পেশাদার হওয়ার আহ্বান জানান তিনি।
একই দিন সাভারের রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত হয় আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬। এই সম্মেলনেও প্রধান অতিথি ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় সেনাপ্রধান আরভিঅ্যান্ডএফ কোরের ঐতিহ্য ও দেশের সেবায় এর অবদানের কথা তুলে ধরেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোরটির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। বিশেষ করে কোরের অধীন ফার্মগুলোর উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। আধুনিক প্রযুক্তি ও গবেষণার সর্বোত্তম ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশনাও দেন।
দুটি সম্মেলনেই সামরিক পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট, আরভিঅ্যান্ডএফ কোর; কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সাভার এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কোরগুলোর অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









