দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন।
সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫০৭ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রামে ১৯৮ জন, বরিশালে ১৫৩ জন, রাজশাহীতে ৯৯ জন এবং ময়মনসিংহে ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে মৃত্যু হয়েছে ২৪ জনের।
এ ছাড়া জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বর্ষা মৌসুমের সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা ব্যবস্থার ওপরও বাড়ছে চাপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









