হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
ঝটিকা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু অনিয়ম তার নজরে আসে।
পরিদর্শনকালে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তারা অভিযোগ করেন, প্রয়োজনের সময় ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান তারা।
রোগী ও স্বজনদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
এ সময় হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









