সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং সিলেট বিভাগের চারজন শিশু রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন করে এক হাজার ১৭৭ জন শনাক্ত হয়েছেন। আর গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ২৭০ জন।
এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ১২৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে এক লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।
অন্যদিকে, এই সময়ে নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









