দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২২ দিনেই মারা গেছেন ১০৪ জন। মাসভিত্তিক হিসাবে এটিই চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
এদিকে বছরের শুরু থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন।
আক্রান্তের হারের দিক থেকে সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে খুলনা বিভাগে। এর পর রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেও ডেঙ্গু আক্রান্তের হার উল্লেখযোগ্য বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









