দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬২০ জনে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩২০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহে ১১০, রাজশাহীতে ২১১, রংপুরে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৭৩ হাজার ৮৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









