দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন চান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালেহ শিবলী বলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে রুটিন বক্তব্যের বাইরে প্রধানমন্ত্রী ৩০টি ইভেন্টে বক্তব্য দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এবারের সফরের সঙ্গে অতীতের সরকারপ্রধানদের জাতিসংঘ সফরের তুলনা তুলে ধরে তিনি বলেন, এর আগে ২৯২ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘে যাওয়ার রেকর্ড রয়েছে। তবে এবার মাত্র ৩৫ জন সফরসঙ্গী নিয়ে সাধারণ বিমানে নিউইয়র্কে যাওয়া-আসা করেছেন তারেক রহমান।
প্রেস সচিব দাবি করেন, ফ্যাসিবাদের সময়ে মানুষের অধিকার কুক্ষিগত করা হয়েছিল। এখন বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সালেহ শিবলী আরও বলেন, সরকারের মানবিকতা ও পরমতসহিষ্ণুতাকে দুর্বলতা হিসেবে দেখা ঠিক হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









