দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুইজন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। এছাড়া চট্টগ্রামে ২৭৩, সিলেটে ১৬৪, বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৪২ এবং রাজশাহীতে ২৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২১ হাজার ৯১০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









