দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, বরিশাল বিভাগে দুইজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন মারা গেছেন।
এদিকে, গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, সিটি করপোরেশন এলাকার বাইরে। এ বিভাগে নতুন করে ৪৮০ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২২, বরিশাল বিভাগে ২০৩, রাজশাহী বিভাগে ১৯৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭, ময়মনসিংহ বিভাগে ৯৬, রংপুর বিভাগে ৭৫ এবং সিলেট বিভাগে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ১২৭ জন।
এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫, বরিশাল বিভাগে ২৪, ময়মনসিংহ বিভাগে ২৩, রাজশাহী বিভাগে ১৯, রংপুর বিভাগে ৬ এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









