সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের শরীরে।
এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১৪ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন একজন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৮ জন নতুন রোগী শনাক্তের পাশাপাশি তিনজনের মৃত্যু হয়েছে। সিলেটে ১৬৫ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন একজন। খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









