বর্ণাঢ্য র্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলম, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
পরে ‘ফ্রম বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি টু দ্য গ্লোবাল মার্কেট: নিউ হরাইজনস অব ক্যারিয়ার অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন আহাভা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার জাহান। সেমিনারে দেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক বাজার, এ খাতে কর্মসংস্থানের সম্ভাবনা এবং পেশাগত উন্নয়নের নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, পাঠ্যক্রমের বাইরেও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতেও দিবসটির আয়োজন সহায়ক হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









