শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে বিদেশ থেকে আরও ভ্যাকসিন আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে শিশুদের এ রোগ থেকে সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, নিউমোনিয়া প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতাও নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পেছনে পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ বড় ভূমিকা রাখছে। হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অনেক ক্ষেত্রে একই বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। এমনকি এক শিশুর বুকের দুধ অন্য শিশুকে খাওয়ানোর ঘটনাও দেখা যায়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। পারিবারিক নানা জটিলতা ও সচেতনতার অভাবে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে।
গ্রামাঞ্চলে শিশুস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি। এসব কর্মীর মাধ্যমে মায়েদের স্তন্যপান, শিশুর পুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি তাঁদের স্তন পরীক্ষা করার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিন সরবরাহ করা হবে।
এ সময় নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধেও উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে এসব ক্যানসার শনাক্তের ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানো সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকসের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









