ইরান নতুন একটি শান্তি প্রস্তাবের পর দেশটিতে সামরিক হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৯ মে) ট্রাম্পের এই ঘোষণার পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শান্তি প্রস্তাবে উল্লেখিত শর্তগুলো প্রকাশ করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে,
যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে যে শর্তগুলো আছে তা হলো-
১. লেবাননসহ সকল ফ্রন্টে শত্রুতা বন্ধ করা।
২. ইরানের নিকটবর্তী এলাকাগুলো থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার।
৩. যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের জন্য ক্ষতিপূরণ দেওয়া।
এই প্রস্তাবের বিষয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত তহবিল ছাড় এবং দেশটির ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ তুলে নেওয়ার কথাও বলেছে।
ইরানের প্রতিবেদনে বর্ণিত শর্তগুলো ইরানের আগের প্রস্তাব থেকে খুব একটা পরিবর্তিত বলে মনে হয়নি, যেটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ‘আবর্জনা’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।
ট্রাম্প বলেছেন, তেহরান ওয়াশিংটনে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা পুনরায় শুরু করা স্থগিত করেছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি চুক্তিতে পৌঁছানোর এখন ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে।
ফেব্রুয়ারির শেষের দিকে ট্রাম্পের শুরু করা যুদ্ধ পুনরায় শুরু করার লক্ষ্যে হামলার কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।
বিশ্বব্যাপী তেল ও অন্যান্য পণ্যের সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি চুক্তিতে পৌঁছানোর চাপের মুখে ট্রাম্প এর আগে আশা প্রকাশ করেছিলেন, এই সংঘাতের অবসানের জন্য একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে এবং একইভাবে তেহরান চুক্তিতে না পৌঁছালে ইরানের ওপর কঠোর হামলার হুমকিও দিয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









