মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সীমান্ত হত্যা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:০৭ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৬:০৭ পিএম

সীমান্ত হত্যা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান সরকার সীমান্ত সুরক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।” সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত খদেমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তের সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়। তারা স্বাভাবিকভাবে কাজ করতে গেলেও বিএসএফ গুলি করে হত্যা করছে। অথচ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। বিজিবিকে সীমান্তে প্রায় অকার্যকর করে রাখা হয়েছে ভারতের নির্দেশে।”

তিনি আরও বলেন, “র‍্যাবকে ব্যবহার করা হয়েছে বিরোধী রাজনৈতিক নেতাদের দমনের কাজে। সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ হত্যা করলে প্রয়োজনে গ্রামে গ্রামে লাশ নিয়ে মিছিল করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”

সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে জনগণকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে। আমরা পুশ-ইন বন্ধ চাই, বিজিবিকে শক্তিশালী দেখতে চাই এবং সীমান্তে বসবাসকারী মানুষের ওপর নির্যাতন বন্ধ চাই।”

তিনি দাবি করেন, তাদের দল ক্ষমতায় গেলে সীমান্তে নিহতদের “শহীদ” হিসেবে তালিকাভুক্ত করা হবে এবং নিহত পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে। এ সময় তিনি অভিযোগ করেন, নিহত খদেমুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করতে স্থানীয় মন্ত্রী বা সংসদ সদস্য কেউ যাননি।

ভারত প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অস্থির করার চেষ্টা করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা গেলে সীমান্ত হত্যা বন্ধ হবে।”

তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত দিয়ে পরিকল্পিতভাবে মাদক ও ইয়াবা বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে, যা দেশের যুবসমাজকে ধ্বংস করছে।

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে দায়িত্ব আমাদের ছেড়ে দিন। আমরা সরকারে গেলে ইনশাআল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করবো।”

তিনি আরও বলেন, “সরকার সাধারণ মানুষের নয় বরং সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের নিরাপত্তা দিচ্ছে। এভাবে সরকার সাপ পুষছে।”

পরে নিহত খদেমুল ইসলামের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন নাসিরুদ্দিন পাটওয়ারী। এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সা/লা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.