ইরান-আমেরিকা যুদ্ধ এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় জ্বালানি সংকটের কারণে ভারতে গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। সব মিলিয়ে পেট্রোল-ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫ রুপি বেড়েছে।
শনিবার (২৩ মে) ভারতের প্রধান মেট্রো শহরে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি প্রায় ১ রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে।
তেলের পাশাপাশি গত ৯ দিনে সিএনজির দামও বেড়েছে তিনবার। শনিবার প্রতি কেজিতে ১ টাকা করে দাম বেড়েছে সিএনজির।
ভারতের হায়দরাবাদে বর্তমানে সবচেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। অন্যদিকে, চণ্ডীগড়ে সবচেয়ে কম দামে পেট্রোল ও ডিজেল পাওয়া যাচ্ছে।
এদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় গত শুক্রবার পেট্রোলের দাম ছিল ১০৯ টাকা ১৭ পয়সা। সেই দাম মঙ্গলবার বেড়ে হয়েছিল ১১০ টাকা ১৩ পয়সা। আজ আবারও দাম বেড়ে হলো ১১১ টাকা ৭০ পয়সা।
অন্যদিকে ডিজেলের দাম গত শুক্রবার ছিল ৯৫ টাকা ৫৩ পয়সা। মঙ্গলবার দাম বেড়ে হয়েছিল ৯৬ টাকা ৪৭ পয়সা। আজ ফের শনিবার দাম বেড়ে হলো ৯৭ টাকা ৪১ পয়সা।
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামসহ অয়েল মার্কেটিং সংস্থাগুলো জানিয়েছে, ইরান-আমেরিকা যুদ্ধ এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় জ্বালানি আমদানিতে বড় ঘাটতি দেখা দিয়েছে। এতে সংস্থাগুলোর দৈনিক প্রায় ১৬০০ কোটি রুপি লোকসান হচ্ছে, যা মেটাতেই এই মূল্যবৃদ্ধি।
জ্বালানির দাম বাড়ায় অটো ও ট্যাক্সিসহ গণপরিবহনের ভাড়া বাড়ার শঙ্কায় পড়েছেন সাধারণ মানুষ। পাম্পে আসা অনেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলছেন, নতুন সরকারের আগের ঋণ পরিশোধ করতেই জনগণের ওপর এই দামের বোঝা চাপানো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









