ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে নরেন্দ্র মোদির এক জন ‘বড় ভক্ত’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর শতভাগ ভরসা রাখতে পারে।
স্থানীয় সময় রবিবার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াশিংটন থেকে ফোনে সরাসরি যুক্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দিল্লির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রদূত সার্জিওকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। ফোনে তিনি বলেন, ‘সার্জিও, তোমাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে। তবে আমি শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমি ভারতের প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি একজন অসাধারণ মানুষ এবং তিনি আমার বন্ধু।’
ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এর আগে কখনও এতটা কাছাকাছি ছিল না। ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে তারা খুব ভালো করেই জানে কোথায় ফোন করতে হবে; তারা এখানেই (যুক্তরাষ্ট্রে) ফোন করবে। আমরা খুব ভালো করছি এবং একের পর এক রেকর্ড গড়ছি।’
নিজের দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমাদের অর্থনীতি এখন রেকর্ড পরিমাণ শক্তিশালী, শেয়ারবাজারও রেকর্ড উচ্চতায় রয়েছে। আর ভারত যা চায়, আমাদের কাছ থেকে তাই পায়। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত।’
ফোনালাপে নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরও ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদ শেষ করবেন। যখন পাশে মার্কো ও সার্জিওর মতো মানুষ থাকে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানের সমাপ্তিতে ট্রাম্প বলেন, ‘আমি জানি, আপনারা সেখানে আমাদের খুব ভালোভাবে উপস্থাপন করবেন। সবাই চমৎকার একটি সন্ধ্যা উপভোগ করুন। প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাঁকে অবশ্যই জানাবেন যে, আমি তাঁর একজন বড় ভক্ত।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









