ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আজই (সোমবার) চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি বলেন, ‘‘আত্মরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে।’’
সোমবার (২৫ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের রুবিও বলেন, ‘‘গত রাতে খবর আসার কথা ছিল, সেটি আজও আসতে পারে। তবে এ নিয়ে অতিরিক্ত কিছু ভাবার প্রয়োজন নেই।’’ নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সাংবাদিকদের তিনি বলেন, ‘‘প্রণালী খুলে দেওয়া এবং নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আমাদের যথেষ্ট জোরালো প্রস্তাব রয়েছে। উপসাগরীয় অঞ্চলে সেই প্রস্তাবের পক্ষে ব্যাপক সমর্থনও রয়েছে। যেসব দেশের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তারা সবাই বুঝেছে এটি শুধু যৌক্তিকই নয়, বিশ্বের স্বার্থে প্রয়োজনীয়ও।’’
পারমাণবিক ইস্যুতেও ইরান একটি ‘বাস্তব, গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট সময়সীমাভিত্তিক’ আলোচনায় অংশ নেবে বলেও রুবিও আশা প্রকাশ করেন।
এর আগে রবিবার (২৪ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে প্রত্যাশা কিছুটা কমিয়ে দেওয়ার কথা জানান। তিনি আলোচকদের তাড়াহুড়া না করতে নির্দেশ দেন।
এ প্রসঙ্গে রুবিও বলেন, ‘‘তিনি তাড়াহুড়ায় নেই। তিনি খারাপ কোনো চুক্তি করবেন না। খারাপ কোনো সমঝোতাও করবেন না।’’
রুবিও বলেন, ‘‘ইসরাইলের সবসময় আত্মরক্ষার অধিকার রয়েছে। হিজবুল্লাহ যদি তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় বা চালানোর প্রস্তুতি নেয়, তাহলে ইসরাইলের পাল্টা জবাব দেওয়া বা তা প্রতিহত করার পূর্ণ অধিকার আছে।’’
তিনি আরও বলেন, ‘‘এ বিষয়টি সবসময়ই স্বীকৃত ছিল। যুদ্ধবিরতির সময়ও তা বহাল রয়েছে।’’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। গত ৮ এপ্রিল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









