ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না—এমন প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লেইং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন তিনি।
গত ১ জুন নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
পটভূমিতে রয়েছে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। ওই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন মিন অং হ্লেইং।
এর প্রায় পাঁচ বছর পর, ২০২৫ সালের ডিসেম্বর-জানুয়ারিতে সামরিক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন মিন অং হ্লেইং এবং গত ১০ এপ্রিল তিনি শপথ গ্রহণ করেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। গত ৩০ মে তিনি ভারত সফরে আসেন। তাকে বহনকারী বিমান প্রথমে ভারতের বিহার রাজ্যে অবতরণ করে, যেখানে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বিহারে অবস্থানকালে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান বুদ্ধগয়া ও মহাবোধি মন্দির পরিদর্শন করেন। পরে রাজধানী নয়াদিল্লিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মিয়ানমারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট হ্লেইংয়ের বৈঠক নিয়ে আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









