রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘সঠিক নিয়মে’ হিজাব না পরায় কারাগারে আফগান তরুণী, ১৩ দিন পর মুক্তি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

‘সঠিক নিয়মে’ হিজাব না পরায় কারাগারে আফগান তরুণী, ১৩ দিন পর মুক্তি

‘সঠিক নিয়মে’ হিজাব না পরা, ব্যায়ামের গান চালানো এবং নারী–পুরুষকে একসঙ্গে ব্যায়ামের সুযোগ করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আফগান তরুণী ও তায়কোয়ান্দো কোচ খাদিজা আহমাদজাদা। টানা ১৩ দিন কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র ওই তরুণীর মুক্তি পাওয়ার খবরের বিষয়টি নিশ্চিত করেছেন। খাদিজা আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের বাসিন্দা।

আফগানিস্তানের পাপ প্রতিরোধ ও সদ্‌গুণবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘নিয়ম লঙ্ঘনের’ ঘটনা তাদের পরিদর্শকের নজরে আসার পর খাদিজাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তালেবান সরকারের এই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘নারীদের খেলাধুলার ব্যায়ামাগার–সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় খাদিজাকে গ্রেপ্তার করা হয়েছিল।’

মুখপাত্র আরও জানান, এর আগেও খাদিজাকে বেশ কয়েকবার এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই নারীদের খেলাধুলার কেন্দ্র ও ব্যায়ামাগার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় বলা হয়েছিল, ‘নিরাপদ পরিবেশ’ ফিরলে এসব কেন্দ্র আবারও চালু করা হবে। তবে এ বছরের জানুয়ারিতেও কোনো কেন্দ্র চালু হয়নি। আফগান নারীরা খেলাধুলায় অংশ নিতে পারছেন না।

খাদিজার মামলাটি আফগানিস্তানের সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার তার মুক্তির কথা জানান। তবে মুক্তির পর খাদিজা এখন কোথায় আছেন, সেটা জানা যায়নি।

এর আগে খাদিজার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম বেশ আলোচনা–সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে পোস্ট দেন আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেত্তে। তিনি ওই পোস্টে খাদিজার অবিলম্বে মুক্তি দাবি করেন।

জাতিসংঘের এ বিশেষ দূত আফগানিস্তানে গ্রেপ্তার থাকা নারী সাংবাদিক নাজিরা রাশিদির মামলার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের এই নারী সাংবাদিককে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, সাংবাদিকতার কাজের কারণে নাজিরাকে গ্রেপ্তার করা হয়েছে—এমন অভিযোগ তালেবান মুখপাত্র অস্বীকার করেছেন।

সূত্র: বিবিসি

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.