নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের ছেলে মারিউস বর্গ হয়বি (২৯) দুটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার অসলো জেলা আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেন। তবে তার বিরুদ্ধে আনা আরও দুটি ধর্ষণের অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন।
আদালতের রায় অনুযায়ী, হয়বি দুই নারীর ওপর সংঘটিত ধর্ষণের ঘটনায় দোষী প্রমাণিত হন। এর মধ্যে একটি ঘটনা ২০১৮ সালে ক্রাউন প্রিন্সের স্কাউগুম এস্টেটে এবং অন্যটি ২০২৪ সালে অসলোতে ঘটে। বিচারকরা বলেন, উভয় ক্ষেত্রেই ভুক্তভোগীরা ঘুমন্ত বা প্রতিরোধে অক্ষম অবস্থায় ছিলেন। এ ছাড়া তিনি সাবেক প্রেমিকা ও নরওয়েজীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নোরা হক্ল্যান্ডের প্রতি নির্যাতন এবং আরেক নারী সঙ্গীর ওপর গুরুতর শারীরিক হামলার অভিযোগেও দোষী সাব্যস্ত হন। ২০২৪ সালের আগস্টে অসলোর ফ্রগনার এলাকায় ওই নারীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
তবে আদালত আরো দুটি ধর্ষণ মামলায় তাকে নির্দোষ ঘোষণা করেন। এসব অভিযোগের একটি ছিল ২০২৪ সালে অসলোর একটি হোটেলে এবং অন্যটি ২০২৩ সালে লোফোটেন দ্বীপপুঞ্জে সংঘটিত বলে অভিযোগ আনা হয়েছিল। মামলায় মোট ছয়জন নারী জড়িত ছিলেন। আদালত চারজন ভুক্তভোগীকে মোট ৬ লাখ ৪০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৫০ হাজার পাউন্ড) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হয়বির জন্য সাত বছর সাত মাসের কারাদণ্ড দাবি করেছিলেন। অন্যদিকে প্রতিরক্ষা আইনজীবীরা ১৮ মাসের সাজা চেয়ে যুক্তি উপস্থাপন করেন। রায় ঘোষণার পর তার আইনজীবীরা জানান, তারা উচ্চ আদালতে আপিল করার বিষয়টি বিবেচনা করছেন। রায় ঘোষণার সময় হয়বি আদালতে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে তিনি ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে অংশ নেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মারিউস বর্গ হয়বি নরওয়ের রাজপরিবারের আনুষ্ঠানিক সদস্য নন। তবে ক্রাউন প্রিন্সেস মেটে-মারিত ক্রাউন প্রিন্স হাকনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে তিনি রাজপরিবারের সঙ্গেই বেড়ে ওঠেন। ফলে মামলাটি নরওয়ের রাজপরিবারের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়ের পর নরওয়ের রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি আদালতের বিবেচনায় নিষ্পত্তি হয়েছে এবং এ বিষয়ে তাদের আর কোনো মন্তব্য নেই।
সূত্র : বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









