মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার অভিযোগ তুলে তেহরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইনে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান।
শনিবার (২৭ জুন) ভোরে সংঘটিত এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন এই হামলাকে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের ‘গুরুতর ও নগ্ন লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে।
এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একাধিক ইরানি ড্রোন দেশটির আকাশসীমা লঙ্ঘন করে অভ্যন্তরে আঘাত হানে, যা বেসামরিক মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে হামলার নির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বাহরাইন আরও জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশটির আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। একই সঙ্গে চলমান আঞ্চলিক শান্তি প্রচেষ্টার সময় এ ধরনের হামলার জন্য তারা সরাসরি তেহরানকে দায়ী করেছে এবং সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে।
এর আগে ইরান জানিয়েছিল, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে ঠিক কোন কোন স্থাপনায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান।
এর আগে হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র ও রাডার স্থাপনায় বিমান হামলা চালায়। এরই জবাবে বাহরাইনে, যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে, ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সূত্র: আল আরাবিয়ার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









