পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান ও মাস্তুং জেলায় পৃথক দুইটি সামরিক অভিযানে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ২৫ ও ২৬ জুন পরিচালিত এসব অভিযান ‘ফিতনা আল হিন্দুস্তান’ নির্মূলের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২৫ জুন খারান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হয় এবং আরও কয়েকজন আহত হয়। এরপর ২৬ জুন মাস্তুং জেলায় আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তীব্র গোলাগুলির পর এক আত্মঘাতী হামলাকারীসহ আরও পাঁচজন সন্ত্রাসী নিহত হয়।
আইএসপিআর আরও জানায়, অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং মোটরবাইক উদ্ধার করা হয়েছে। এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চলমান রয়েছে।
বিবৃতিতে এই অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, এটি বাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রমাণ। তিনি আরও বলেন, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাকিস্তান থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং শান্তির শত্রুদের প্রতিটি ক্ষেত্রে পরাজিত করা হবে।
রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই সফল অভিযানে নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন।
এর আগে গত ৯ জুন বাসিমায় এক অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহত এবং এক সেনাসদস্য নিহত হন। এছাড়া ২ জুন কোয়েটায় ট্রেনে আত্মঘাতী হামলার পর বিভিন্ন অভিযানে আরও ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছিল।
সূত্র: দ্য ডন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









