ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ।
মঙ্গলবার (৩০ জুন) তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন।
দীর্ঘ প্রায় ৪০ বছরের সামরিক অভিজ্ঞতাসম্পন্ন জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মহারাষ্ট্রের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন শিক্ষার্থী।
সামরিক জীবনে তিনি উত্তর ভারতের মরুভূমিতে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে উগ্রবাদবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীতে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবে পরিচিত।
নতুন সেনাপ্রধান দায়িত্ব গ্রহণের পাশাপাশি ভারতের সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈনকে নতুন সহ-সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়নের দায়িত্বে থাকবেন।
এছাড়া বিমানবাহিনীতেও পরিবর্তন এসেছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আঞ্চলিক কমান্ড পর্যায়েও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা এবং দক্ষিণ কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্করকে। লেহ অঞ্চলের গুরুত্বপূর্ণ ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর নতুন কমান্ডার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।
সূত্র: দ্য হিন্দু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









