ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত এবং আরও অন্তত ৩৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে শহরজুড়ে একাধিক স্থানে এই হামলা চালানো হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, শহরের প্রায় তিন ডজন স্থানে আঘাত হানে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, হামলায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন। এর মধ্যে একটি ৯ তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বহুতল অ্যাপার্টমেন্ট আংশিক ধসে পড়ে সেখানে মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। ডাবলিনে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি আসন্ন “ব্যাপক রুশ হামলা” নিয়ে সতর্ক করেন এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।
জেলেনস্কি অভিযোগ করেন, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী নন এবং বরং আরও আগ্রাসনের পথেই এগোচ্ছেন।
হামলার সময় কিয়েভের অনেক বাসিন্দা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশ পোল্যান্ড সাময়িকভাবে যুদ্ধবিমান মোতায়েন করলেও পরে কোনো আকাশসীমা লঙ্ঘন না পাওয়ায় তা প্রত্যাহার করা হয়।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









