বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে আয়োজিত একটি রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত ওই ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি শোক বইতে স্বাক্ষর করেন এবং শোকাহত ইরানি জাতির প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় স্পিকার বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।
পরে তিনি ইরানের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্রিকেটসহ খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও দুই দেশের যুব ও ক্রীড়া খাতে অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়ন সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।
স্পিকার পরবর্তীতে ইরান রেডিও’র বাংলা বিভাগের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ–ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের সেবার বিষয়গুলো তুলে ধরেন এবং দূতাবাস সেবার উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









