থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে কালাসিন প্রদেশে পাওয়া জীবাশ্ম থেকে প্যালিওন্টোলজিস্টরা এক নতুন ডাইনোসর প্রজাতি আবিষ্কারের দাবি করেছেন। এই উদ্ভিদভোজী প্রাণীটির নাম দেওয়া হয়েছে উরাগাসরাস কালাসিনেনসিস, যা প্রায় ১৫ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত বলে মনে করা হয়।
প্রাণীটির গলা ছিল অস্বাভাবিক লম্বা—দৈর্ঘ্য ছিল প্রায় ২০ মিটার (৬৬ ফুট), যা একটি ক্রিকেট পিচের সমান। মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অপিরাত নিলফানাফন, যিনি এই গবেষণার প্রধান লেখক, বিবিসি থাইকে জানান যে এই নমুনাটি ২০০৮ সালে প্রথম চিহ্নিত একটি বড় জীবাশ্ম সংগ্রহের অংশ। স্থানীয় এক ব্যক্তি সাপের আঁশের মতো দেখতে খণ্ডাংশ আবিষ্কার করলে সেই স্থানটির সন্ধান পাওয়া যায়।
ফু নয়ি : জুরাসিক যুগের সমাধিস্থল
আবিষ্কারের স্থান ফু নয়িতে লেট জুরাসিক যুগের বিস্তর জীবাশ্ম পাওয়া গেছে। খনন করা জীবাশ্মের ৯০ শতাংশের বেশি ছিল ডাইনোসরের খণ্ডাংশ। জরিপ দল সেখানে ডাইনোসরের দাঁত ও হাড়ের পাশাপাশি অন্যান্য জীবাশ্মও আবিষ্কার করে।
তবে নতুন এই প্রজাতির সন্ধান দেয় একটি পুনরুদ্ধারকৃত ডরসাল ভার্টিব্রা—মাঝ বা উপরের পিঠের হাড়—যার স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল চোখে পড়ার মতো।

সিটি স্ক্যানে দেখা যায়, এই ডাইনোসর ছিল মামেঞ্চিসরিডি পরিবারের সরোপড ডাইনোসরের সদস্য, যাদের চরিত্রগতভাবে অত্যন্ত লম্বা গলা থাকে—যা সম্ভবত বিভিন্ন উচ্চতার উদ্ভিদ খেতে সাহায্য করত। চীনে এই পরিবারের বেশিরভাগ জীবাশ্ম পাওয়া গেলেও, থাইল্যান্ডে এটি প্রথম আবিষ্কার।
বিশ্বে অনন্য বৈশিষ্ট্য
স্ক্যানে আরও দেখা যায় অনন্য বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে ল্যামিনা নামক সহায়ক হাড়ের ওয়াই-আকৃতির বিন্যাস। নিলফানাফন বিবিসি থাইকে বলেন, বিশেষত একটি অনন্য এয়ার-ক্যাভিটি গঠনের কারণে এটি ‘বিশ্বের অন্য কোনো ডাইনোসরের মতো নয়... এটাই একে আলাদা করে তোলে।’
নতুন প্রজাতি আবিষ্কারের কথা বুঝতে পেরে তিনি তার কীবোর্ড ভেঙে ফেলেছিলেন বলে জানান—‘আমি একই সঙ্গে উত্তেজিত ও স্বস্তিবোধ করছিলাম।’
এই গবেষণা সম্প্রতি নেচার বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ডাইনোসর
উল্লেখ্য, গত মে মাসে থাইল্যান্ড থেকে খনন করা অবশেষ থেকে আরেক ধরনের দীর্ঘগলার উদ্ভিদভোজী ডাইনোসর—নাগাটাইটান—শনাক্ত করেন বিজ্ঞানীরা। নয়টি প্রাপ্তবয়স্ক এশীয় হাতির ওজনের সমান (২৭ টন) ও ২৭ মিটার (৮৮ ফুট) দৈর্ঘ্যের এই প্রাণীটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ডাইনোসর।
এমি ওয়ালকার, বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









