যুদ্ধবিরতির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান অনুরোধ জানিয়েছে—এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে কোনো আলোচনার আবেদন করা হয়নি। বরং যুদ্ধবিরতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের একজন মধ্যস্থতাকারী নিজ উদ্যোগে ইরান সফর করেছেন।
শুক্রবার (১০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাঘাই অভিযোগ করেন, নতুন সামরিক হামলা, অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং ইরানের তেল রপ্তানির লাইসেন্স বাতিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। তিনি বলেন, ‘প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি’ নীতিতেই ইরান অটল থাকবে। অপর পক্ষ সমপর্যায়ের পদক্ষেপ না নিলে তেহরানও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না।
বাঘাই জানান, কাতারের মধ্যস্থতাকারী তেহরানের আহ্বানে নয়, নিজ উদ্যোগেই ইরান সফরের আবেদন করেছিলেন। মাশহাদে অনুষ্ঠিত বৈঠকে কাতারের প্রতিনিধিদের কাছে ইরান তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।
তার দাবি, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র ২২ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ইরানের দক্ষিণ উপকূলে নতুন হামলা, মার্কিন ট্রেজারির মাধ্যমে তেল রপ্তানির লাইসেন্স বাতিল এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ।
২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রসঙ্গ টেনে বাঘাই বলেন, সে সময়ও ওয়াশিংটন ইরানকেই দায়ী করেছিল। একইভাবে বর্তমান সরকারের সঙ্গে হওয়া সমঝোতাও যুক্তরাষ্ট্র নিজেই লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরোধেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তার দাবি, বৈঠকের ভিত্তি হিসেবে উল্লেখ করা ২২৩১ নম্বর প্রস্তাব ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকেই আইনি কার্যকারিতা হারিয়েছে। তিনি আরও জানান, চীন ও রাশিয়া ওই বৈঠকের বিরোধিতা করেছিল এবং শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশের দাবিও নাকচ করে দেন বাঘাই। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় আন্তর্জাতিক সংস্থাগুলো এ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছিল। তাই তাদের এমন দাবি গ্রহণযোগ্য নয়।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ওমান সফরে যাবেন বলে জানিয়েছেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী ইরান ও ওমানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









