বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং তা যথাযথ নিয়ম অনুযায়ী দেখা হবে।”
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি ভারত চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
বাংলাদেশ সরকার মানবতাবিরোধী অপরাধ ও হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেওয়া এসব প্রকল্প চলমান থাকবে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে চলমান ভারতীয় উন্নয়ন প্রকল্পগুলোর অধিকাংশই শেখ হাসিনার সরকারের আমলে, ২০২৪ সালের আগস্টের আগে অনুমোদিত হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









