লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেও ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ অভিযান’ ঠেকাতে পারেনি দিল্লি পুলিশ। পুলিশের একাধিক বাধা অতিক্রম করে সোমবার দুপুরে বিক্ষোভকারীদের একটি অংশ সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মিছিল এগিয়ে আসতেই নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
সোমবার থেকেই ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন (বাদল) অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ পরিস্থিতিতে সিজেপির কর্মসূচি ঘিরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল দিল্লি পুলিশ। সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শ্রমশক্তি ভবনের কাছে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। তবে এসবের পরও আন্দোলনকারীদের একটি অংশ সংসদের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে বাসে তুলে অন্যত্র সরিয়ে নেয়। সিজেপি নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দমনমূলক আচরণ করেছে।
সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন ‘লং মার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট জড়ো হন। তাদের পদযাত্রা ঠেকাতে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে দিল্লি পুলিশ এবং মোতায়েন করা হয় বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য।
সকালে সেন্ট্রাল দিল্লি থেকে মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবারের কর্মসূচিতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন, যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী ও তরুণ।
এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে এবং গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) গঠন করেন। অল্প সময়ের মধ্যেই দলটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের একটি অংশের সমর্থন লাভ করে।
এর আগে, গত শনিবার অনশনরত ৫৯ বছর বয়সী জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ ঘটনাও সোমবারের বিক্ষোভে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









