ভারতের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন ও বিক্ষোভে এবার প্রকাশ্যে সংহতি জানিয়েছেন বলিউডের একাধিক তারকা।
পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও ধরপাকড়ের ঘটনার পর অনেক শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন, কেউ আবার নিজেদের নতুন কাজের প্রকাশও স্থগিত করেছেন।
অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জও শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের সমালোচনা করে বলেন, ‘ছাত্রদের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত ছিল না।’ তিনি আরও মন্তব্য করেন, মতপ্রকাশের অধিকার কোনো সরকারের দয়া নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার।
সংগীতশিল্পী অরিজিৎ সিং লিখেছেন, ‘আমাদের দেশের তরুণরা অমর। ঈশ্বর তাদের শক্তি দিন।’ তার এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অভিনেতা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজাও বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তাদের কথা শোনার জোর দাবি জানিয়েছেন।
প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা-নির্মাতা প্রকাশ রাজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।
অভিনেতা হুমা কুরেশি বলেন, বিক্ষোভের এসব দৃশ্য তার মনে ‘দীর্ঘদিন গেঁথে থাকবে’। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ‘এমন পাশবিক বলপ্রয়োগ ও লাঠিচার্জ’ তাকে ‘গভীরভাবে ব্যথিত করেছে’ বলে জানান তিনি।
চলচ্চিত্র রচয়িতা সুতপা সিকদার লিখেছেন, জবাবদিহি চাইতে আসা বিক্ষোভকারীদের অনেকেই ছিলেন শিক্ষার্থী, যারা ‘পকেটে মাত্র ২০ টাকা’ আর ‘বুকভরা আশা’ নিয়ে সেখানে হাজির হয়েছিলেন।
বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, দিয়া মির্জা, হুমা কুরেশি, বীর দাস, সোনু সুদ, সোহা আলি খান, অদিতি রাও হায়দরি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, আলি ফজল, ফাতিমা সানা শেখ, নাফিসা আলি, সোনি রাজদান ও স্বানন্দ কিরকিরে।
যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শাবানা আজমি, প্রকাশ রাজ, কৌতুকশিল্পী কুনাল কামরা এবং অভিনেত্রী স্বরা ভাস্কর। তারা শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষে কথা বলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









