জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদীয় আসন শূন্য হওয়ার বিষয়ে প্রাথমিক অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২২ জুলাই) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো সংসদ সদস্য বহিষ্কৃত হলে তার আসন শূন্য হওয়ার বিষয়টি আইনগতভাবে প্রাসঙ্গিক হতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আগে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছাতে হবে।
তিনি বলেন, দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের আইনগত অবস্থান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত। তাই কোনো দল আনুষ্ঠানিকভাবে একজন সদস্যকে বহিষ্কার করলে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করলে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসে।
তবে এখনো জামায়াতের পক্ষ থেকে বহিষ্কারসংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি বা নথি নির্বাচন কমিশনের কাছে পৌঁছেনি বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সংবিধান, আইন ও বিধিমালা পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। এরপর আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বুধবার বিকেলে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









