উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (সিটিসিআরপি)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের লক্ষ্যে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন সিটিসিআরপির প্রকল্প পরিচালক সরকার মো. সাজ্জাদ কবির।
সংলাপে প্রস্তাবিত বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্কের নকশা, সুযোগ-সুবিধা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নাগরিক চাহিদার বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা প্রকল্পগুলো সুচারুভাবে বাস্তবায়নে নিজ নিজ মতামত ও সুপারিশ পেশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের ক্ষেত্রে শুরুতেই স্থানীয় নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাপ্ত মতামত, প্রয়োজনীয় কারিগরি মূল্যায়ন এবং মাঠপর্যায়ের সার্ভের ভিত্তিতে দ্রুতই প্রকল্পের নকশা ও পরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়ন কাজ শুরু করা হবে।”
সংলাপে অন্যান্যের মধ্যে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভী, সিটিসিআরপির উপ-প্রকল্প পরিচালক উজ্জ্বল ত্রিপুরাসহ স্থপতি ও ডিজাইন টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









