আন্তর্জাতিক ফুটবল রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, পর্তুগালের একজন এজেন্টের তথ্য অনুযায়ী, ওয়েলসের বিপক্ষে একটি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো।
আওয়াদের দাবি, ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পোর্টিং লিসবনের হোম ভেন্যু হোসে আলভালাদে স্টেডিয়ামে। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই ম্যাচেই সমর্থকরা শেষবারের মতো পর্তুগালের জার্সিতে রোনালদোকে দেখতে পারেন।
এদিকে পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস দায়িত্ব নেওয়ার পর জানিয়েছেন, তিনি এখনই দলে বড় ধরনের পরিবর্তন আনবেন না। ফলে রোনালদোকে সম্মানজনক বিদায় জানানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর অবসর নিলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবে রেকর্ডগড়া পরিসংখ্যান নিয়ে। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ গোলের রেকর্ড।
জাতীয় দলের হয়ে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের দুটি উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছেন রোনালদো। বর্তমানে তার বয়স ৪১ বছর হলেও আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত।
আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও ক্লাব ফুটবলে একটি বড় লক্ষ্য এখনো বাকি রোনালদোর। ক্যারিয়ারে বর্তমানে তার গোলসংখ্যা ৯৭৬। অবসরের আগে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করাই এখন তার অন্যতম লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









