শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে পারেন।
বিএনপি ও সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে বলেও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করেনি।
আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের পরও শীর্ষ সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি তিনি।
এদিকে সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে দাবি করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে পারেন মো. সাহাবুদ্দিন।
ওই পোস্টে আরও দাবি করা হয়, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে। এছাড়া বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির আরও কয়েকজন শীর্ষ নেতার নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে।
তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









