শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে চলমান সিজেপি আন্দোলনকে তিনি শান্তিপূর্ণ বলে উল্লেখ করে এর প্রশংসা করেছেন। তবে আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করারও আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খান বলেন, আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখিত। এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ায় শিক্ষার্থীদের প্রশংসা করেন সালমান। পাশাপাশি সন্তানদের পাশে থাকার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘এই আন্দোলন, এই প্রতিবাদ—এটাই সঠিক পথ।’
শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে সালমান বলেন, শিক্ষার প্রতি তাদের এই প্রতিশ্রুতি একদিন ভারতকে গর্বিত করবে।
তিনি আরও বলেন, এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
বার্তার শেষে সালমান আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং ভবিষ্যতে ভারত বিশ্বমানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









