ইরানে টানা ১৩তম দিনের মতো হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান।
শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে।
আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, সরঞ্জাম গুদাম এবং সেনাদের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া জর্ডানের মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসন এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সেন্টকমের দাবি, এসব অভিযানের উদ্দেশ্য ছিল ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুমকি কমিয়ে আনা।
এদিকে তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি জানিয়েছেন, ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোর দাবি, খুজেস্তান প্রদেশের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









