ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দেশটির আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করে ইরানে কোনো হামলা চালানো হয়নি বলেও জানিয়েছে দেশটি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার এ অবস্থান জানায়। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েত ও বাহরাইন গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত ওই অভিযানে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে।
এর পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে পাঠানো এক চিঠিতে প্রতিবেদনটির দাবিগুলোকে ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেন।
চিঠিতে তিনি বলেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি এবং কোনো আক্রমণাত্মক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতিও কাউকে দেয়নি।
এদিকে ইরানের মেহর নিউজ কুনার বরাতে জানিয়েছে, কুয়েত ওই প্রতিবেদনকে মিথ্যা তথ্য হিসেবে প্রত্যাখ্যান করেছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









