মিয়ানমার বাংলাদেশ থেকে প্রায় ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার পর মিয়ানমার প্রথম ধাপে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।
আনোয়ার ইব্রাহিম এই সমঝোতাকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান এবং মালয়েশিয়ায় জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকেও ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে এ প্রত্যাবাসন কবে শুরু হবে বা কী সময়সীমার মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি তিনি।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান ও সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এছাড়া অনেক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









