উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী স্পেনের ছিটমহল সেউতায় প্রবেশের চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ ঘটনায় অন্তত ১৫ জন পানিতে ডুবে নিহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সেউতায় অতিরিক্ত সেনা মোতায়ন করেছে স্পেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অন্তত ২ থেকে ৩ হাজার অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশ করেছেন। তবে স্থানীয় সীমান্তরক্ষী বাহিনী গার্ডিয়া সিভিল এখনও সঠিক সংখ্যা নিশ্চিত করেনি।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, মানবপাচারকারী চক্র অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশে উৎসাহিত করছে। বিবৃতিতে বলা হয়, সেউতা শহরের নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী সিভিল গার্ডকে সব ধরনের সহায়তা দেবে।
শুক্রবার (৩১ জুলাই) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউতা সফর করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে এ ঘটনার পর স্পেনের সঙ্গে শেনজেন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেউতার পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য বাস্তব হুমকি হয়ে উঠেছে।
মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত সেউতা জিব্রাল্টার প্রণালির তীরে স্পেনের একটি স্বায়ত্তশাসিত ছিটমহল। ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের জন্য এটি দীর্ঘদিন ধরেই অন্যতম প্রধান প্রবেশপথ।
সূত্র: বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









