ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিক অনুমোদন দিতে ব্রাজিলের বিলম্ব এবং কয়েকজন মার্কিন কূটনীতিকের ভিসা প্রত্যাখ্যানের জেরেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, দুই দেশের মধ্যকার কূটনৈতিক অচলাবস্থার অবসান হলে রাষ্ট্রদূত ভিওত্তির ভিসা পুনর্বহাল করা হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, রাষ্ট্রদূত নিয়োগ ও অনুমোদন সাধারণত একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। ভিসা বাতিলের অর্থ এই নয় যে ব্রাজিলের রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বা তাকে বহিষ্কার করা হচ্ছে। এর অর্থ হলো, তিনি বর্তমানে কূটনৈতিক ভিসার বৈধতা ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
ব্রাজিল ওয়াশিংটনের মনোনীত রাষ্ট্রদূতকে অনুমোদন দিলে দুই দেশের মধ্যে ভারসাম্য ফিরবে এবং ভিওত্তির ভিসাও পুনর্বহাল করা হবে বলে জানান তিনি।
এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকারের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক টানাপোড়েনের সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, লুলা সরকার রক্ষণশীল রাজনৈতিক শক্তির বিরুদ্ধে বিচারব্যবস্থা ব্যবহার করছে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করছে। অন্যদিকে ব্রাজিলের অভিযোগ, লাতিন আমেরিকার রাজনীতিতে রক্ষণশীল শক্তির পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রাজিল সরকার।
এর আগে গত মাসে ব্রাজিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর কয়েকজন কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করে। ব্রাজিলের দাবি ছিল, আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে দেশটির নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই ওই কর্মকর্তারা সফরের পরিকল্পনা করেছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









