জুলাই গণঅভ্যুত্থান ঠেকাতে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “সভ্য জগতে এটি বিরল ঘটনা। এ ঘটনায় শত শত মানুষ শহীদ এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।”
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “ জুলাই গণঅভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে। তাদের শাসনামলে রাষ্ট্রীয় গুম ও খুন ছিল স্বাভাবিক ঘটনা ”
বিগত সরকারের বিচারবহির্ভূত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “তাদের শাসনামলে রাষ্ট্রীয় গুম ও খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এই শাসনব্যবস্থা দেশবাসীকে স্বাধীনতা-পরবর্তী তাদের সাড়ে তিন বছরের শাসনামলের কথা মনে করিয়ে দেয়।”
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নতুন প্রজন্মের জন্য পূর্বসূরিদের গৌরবময় ও সাহসিকতার ইতিহাস হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ফ্যাসিবাদের দুঃশাসনের স্মৃতি সম্পর্কেও নতুন প্রজন্ম জানতে পারবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানসহ অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ও নির্যাতিত মানুষের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









