যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ১৮ বছর বয়সী তরুণ নাথান থমাস বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে মাত্র ১৮ বছর ৩৪৬ দিন বয়সে তিনি ফ্লোরিডার মিয়ামি ডেড কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পান। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপকের স্বীকৃতি অর্জন করেন।
নাথান ছোটবেলা থেকেই অসাধারণ মেধার পরিচয় দেন। মাত্র ১০ বছর বয়সে ‘ডুয়াল-এনরোলমেন্ট’ কর্মসূচির মাধ্যমে কলেজে ভর্তি হন। পরে ১৪ বছর বয়সে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে উচ্চশিক্ষা শুরু করেন। মাত্র ১৮ বছর বয়সেই তিনি তড়িৎ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
নাথানের আগে পুরুষদের মধ্যে সর্বকনিষ্ঠ অধ্যাপক হওয়ার রেকর্ডটি ৩০৬ বছর ধরে স্কটিশ গণিতবিদ কলিন ম্যাকলরিনের দখলে ছিল। তিনি ১৭১৭ সালে ১৯ বছর বয়সে অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
এছাড়া নারী-পুরুষ মিলিয়ে আগের রেকর্ডধারী আলিয়া সাবুরের চেয়েও নাথান ১৬ দিন কম বয়সে এই কৃতিত্ব অর্জন করেন। আলিয়া ২০০৮ সালে ১৮ বছর ৩৬২ দিন বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী অধ্যাপক হয়েছিলেন।
বর্তমানে নাথান মিয়ামি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’তে ‘জুরিস ডক্টর’ ডিগ্রির জন্য অধ্যয়ন করছেন। পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন কোর্সও পড়াচ্ছেন। ২০২৮ সালে তার আইন বিষয়ে এই ডিগ্রি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাথান জানিয়েছেন, তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতকে কেন্দ্র করে মেধাস্বত্ব আইন নিয়ে কাজ করতে চান।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রকৌশল শিক্ষা তাকে জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে বিশ্লেষণ ও সমাধান করতে শিখিয়েছে। আইন বিষয়ক পড়াশোনাতেও তিনি একই পদ্ধতি অনুসরণ করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









