গাজীপুরের শ্রীপুরে মাদকের বিস্তার রোধ এবং তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ভেকু মার্কেট এলাকায় ‘তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে এলাকায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
‘তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন’-এর সভাপতি মো. মারুফ হোসেন বলেন, “স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এখন মাদকের ঝুঁকিতে রয়েছে। এলাকায় মাদক ব্যবসা ও সেবন বন্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে সামাজিকভাবে প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হবে।”
বক্তারা মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক ছাড়তে হবে, নয়তো এলাকা ছাড়তে হবে।” কেউ মাদক ব্যবসা চালিয়ে গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় কয়েকজন বক্তা মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।
মোবাশ্বের জুয়েল বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন আরও জোরদার করা হবে।
মানববন্ধনে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন দাদন মীর, সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









