জনগণের অধিকার আদায়ের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলের আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
এ ছাড়া ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও তিনটি লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস, বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ছাত্রদলকে নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, ছাত্রদল আবারও ছাত্রলীগের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের হল দখলের চেষ্টা করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









