দিনাজপুরের চিরিরবন্দরে মাছ ধরা ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হামলায় রদশা দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও তার ছেলের সঙ্গে ছোট ভাই রদশা দাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে রদশা দাসকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর নবী জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









